নিজস্ব প্রতিবেদক | শেরপুর
শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্র থেকে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিএনপির দুই সমর্থক কৌশলে ব্যালট পেপার সংগ্রহ করে ধানের শীষ প্রতীকে সিল মারেন। বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। পরে সিল মারা ব্যালটগুলো উদ্ধার করা হয় এবং জড়িত দুজনকে আটক করা হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার ইউএনও মাহবুবা হক বলেন, সিল মারা ব্যালটগুলো ব্যালট বাক্সে ফেলার আগেই ধরা পড়ে। উদ্ধার হওয়া ব্যালট বাতিল করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।