নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, নীল দল ও প্রগতিশীল শিক্ষক সমাজের নেতারা।
শনিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারাও অংশ নেন। তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, নীল দলের কনভেনার অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীনসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত করেছিল। বঙ্গবন্ধুর সেই আহ্বানই পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রেরণার প্রধান উৎস হয়ে ওঠে।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।