দিনপত্র ডেস্ক :: বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করার অপরাধে নোয়াখালীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছর বয়সী কিশোর ছাত্রলীগ কর্মী আরিফ হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা, জোরালো প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
শনিবার (৬ জুন) সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিবাদ ও দাবি জানানো হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত আরিফ হোসেন নোয়াখালী সদর উপজেলার ৮নং ওজবালিয়া ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আয়োজিত একটি মিছিলে অংশ নেওয়ায় তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।
ছাত্রলীগের বিবৃতিতে বলা হয়, ১৪ বছরের একজন কোমলমতি স্কুলছাত্রকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। একটি শিশুর ওপর এমন নির্মম ও অমানবিক আচরণ দেশের আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলা হয়, “কিশোর আরিফের মতো কোমলমতি শিক্ষার্থীর ওপর এই ধরনের রাজনৈতিক নিপীড়নের শেষ কোথায়?”
বাংলাদেশ ছাত্রলীগ অবিলম্বে আরিফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। অন্যথায় ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।