নিউজ ডেস্ক ::
হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আটকের পর মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল। আটকের চারদিন পার হলেও তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।
সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট ভোর রাতে উপজেলার কালিকাপুর গ্রামে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজির ৯০ হাজার টাকাসহ আটক হন জামিল চৌধুরী। একইদিন বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলার আসামি অরুপ চৌধুরীকেও গ্রেপ্তার করে পুলিশ। অরুপ চৌধুরী ছাত্রদল নেতা জামিল চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ সালে ৫ আগস্ট রাজনৈতিক পট পরির্তনের পর স্থানীয় শিল্পকারখানা গুলোতে চাঁদাবাজিসহ বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেন জামিল চৌধুরী। তাকে নিয়ে স্থানীয় বিএনপি এখন বিভ্রত। অরুপ চৌধুরীকে আদালতে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামিল চৌধুরী আমার কাছে টাকা পাওনা ছিলো, সাহাব উদ্দিন চেয়ারম্যান আমাকে চাপ দিয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করিয়েছে। জামিল চৌধুরী নির্দোষ এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। আদালত থেকে বের হওয়ার সময় নিজেকে নির্দোষ দাবি করেন জামিল চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেজান আহমেদ মোজ্জাম্মেল বলেন, দুর্নীতি ও চাঁদাবাজদের প্রশ্রয় দেয় না উপজেলা ছাত্রদল। কোনো ব্যক্তির কারণে ছাত্রদল দুর্নামের ভাগ নিবে না। আমরা দেখেছি চাঁদাবাজির অভিযোগে জামিল চৌধুরীকে সেনাবাহিনী আটক করেছে। তবে তার বিরুদ্ধে সংগঠন হয়তো তদন্তপূর্বক ব্যবস্থা নিবে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, জামিল চৌধুরী যেদিন আটক হয় সেদিন মামলার বাদী অরুপ চৌধুরী ডাকাতি মামলায় গ্রেপ্তার হলে তাৎক্ষণিক আমরা জামিল চৌধুরীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করলে তাদের নির্দেশে অধিকতর তদন্ত পূর্বক জামিল চৌধুরী দোষী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, মামলার বাদী যেহেতু ডাকাতির সাথে জড়িত এবং পুলিশ একইদিনে বাদীকে গ্রেপ্তার করেছে তাই আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আদালতে অরুপ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন জামিল চৌধুরী নির্দোষ। তাই আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করব।