জনমতের চাপের মুখে ড. ইউনুসের পদত্যাগ গুঞ্জন

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ মাস আগে

নিউজ ডেস্ক ::বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সাম্প্রতিক দিনগুলোতে তাঁর সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। নির্ভরযোগ্য সূত্রের দাবি, রাজনৈতিক অচলাবস্থা, জনমতের চাপ ও প্রশাসনিক অস্থিরতার কারণে তিনি যেকোনো সময় দায়িত্ব ছাড়তে পারেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যমুনায় গিয়ে ড. ইউনুসের সঙ্গে দেখা করেছেন—এ খবর রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি করেছে। জানা গেছে, তিনি প্রধান উপদেষ্টাকে সান্ত্বনা ও পরামর্শ দিতে গিয়েছিলেন। তবে সেই সাক্ষাতের পরও পরিস্থিতি শান্ত হয়নি, বরং অনিশ্চয়তার ঘনঘটা আরও স্পষ্ট হয়েছে।

ড. ইউনুসের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার শুরু থেকেই নানা বিতর্কে জর্জরিত। প্রশাসনিক নিয়োগ, পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং মানবাধিকার ইস্যুতে একাধিক ভুল সিদ্ধান্ত দেশজুড়ে ক্ষোভ তৈরি করেছে। সরকারি ও বেসরকারি জরিপে দেখা যাচ্ছে, দেশের প্রায় ৮০ শতাংশ নাগরিক তাঁর কার্যক্রমে অসন্তুষ্ট। নিরাপত্তা সংস্থার একটি গোপন প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে যেকোনো দিন সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যমুনা ঘেরাও বা বিক্ষোভে নামতে পারে।

এমন পরিস্থিতিতে ড. ইউনুস নিজের নিরাপত্তা ও আন্তর্জাতিক মর্যাদা রক্ষায় আগে ভাগে পদত্যাগ করে বিদেশে চলে যেতে পারেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এমনটাই মনে করছেন। বিএনপি, এনসিপি বা জামায়াত কোনো রাজনৈতিক পক্ষের পরামর্শেই তিনি মন পরিবর্তন করবেন না বলেও ধারণা করা হচ্ছে।