রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ছাত্রলীগের

লেখক: সাম্রাজ,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগ জানায়, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার অনন্য সময়। এই পবিত্র মাসে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ ছাত্রলীগ মানবিক কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের সকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌর ও কলেজ শাখাসহ সকল সাংগঠনিক ইউনিটকে রমজান মাসজুড়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ, প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান এবং অন্যান্য মানবিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রলীগ নেতৃবৃন্দ উল্লেখ করেন, রমজানের শিক্ষা কেবল ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; বরং সমাজের মানুষের কষ্ট লাঘবে সক্রিয় অংশগ্রহণের মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও জোরদার করা প্রয়োজন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংগঠনটি আশা প্রকাশ করে যে, পবিত্র এই মাসে সকল নেতাকর্মী মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়েছে।