ইটনায় ইউএনওর বাসভবনে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর,

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৮ মাস আগে

নিউজ ডেস্ক ::কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের বাসভবনে বিএনপি নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছে। বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে।

এ সময় শতাধিক নেতাকর্মী বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়। এ সময় আনিস মিয়া নামে একজন এসআইসহ কয়েকজন পুলিশ ও আনসার সদস্য আহত হন। এ ঘটনায় আব্দুর নূর (৪৫) নামের এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদরের বড়হাটি গ্রামের মৃত খুর্শিদ মিয়ার ছেলে।

ইউএনও রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপজেলা মিনি স্টেডিয়ামে প্রতিদিনই বিশৃঙ্খলভাবে স্থানীয় যুবকরা খেলাধুলা করে। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে স্টেডিয়ামে খেলাধুলার বিষয়ে কিছু বিধিনিষেধ জারি করা হয়। এতে স্থানীয় শতাধিক উচ্ছৃঙ্খল বিএনপির নেতারা ঐক্যবদ্ধ হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যায় আমার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনার সময় আমি বাসার বাইরে একটি ইউনিয়নে অনুষ্ঠানে ছিলাম। বাসায় আমার স্ত্রী ও সন্তান ছিল। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ইটনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, ‘মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’