দিনপত্র ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের বিলুপ্তির একদিন পরই প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
শফিকুল আলম জানিয়েছেন, তাদের নতুন কর্মক্ষেত্র একটি ইংরেজি দৈনিক—‘ডেইলি ওয়াদা’। তবে এ নামে বর্তমানে বাজারে কোনো প্রকাশিত পত্রিকা নেই। একাধিক সূত্রের দাবি, পত্রিকাটি এমজিএইচ গ্রুপ-এর মালিকানায় প্রকাশিত হতে পারে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সিঙ্গাপুরে অবস্থিত এবং এর গ্লোবাল সিইও হলেন আনিস আহমেদ গোর্কি। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
মামলা প্রত্যাহার ও প্রেক্ষাপট
উল্লেখ্য, এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ গোর্কির বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতির মামলা ২০২৪ সালের ১৫ অক্টোবর আদালতের আদেশে প্রত্যাহার করা হয়। ইংরেজি দৈনিক New Age-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।
২০২২ সালের ২৮ ডিসেম্বর ১৩৬ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আনিস আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। পরে তদন্তে ১১৮ কোটি ৮০ লাখ টাকার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে। দুদক জানিয়েছে, মামলাটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
এর আগে ২০২৪ সালের ২৫ মার্চ দুদক আনিস আহমেদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছিল। দীর্ঘ তদন্তের পরে কমিশন অভিযোগপত্র অনুমোদন করেছিল।
স্বার্থসংঘাত নিয়ে প্রশ্ন
মামলা প্রত্যাহারের ঘটনা ঘটেছিল মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। এখন সেই সরকারের প্রেস উইংয়ের দুই কর্মকর্তা সম্ভাব্যভাবে একই ব্যবসায়িক গোষ্ঠীর মালিকানাধীন পত্রিকায় যোগ দেওয়ায় সামাজিক মাধ্যমে স্বার্থসংঘাত নিয়ে আলোচনা শুরু হয়েছে।