দিনপত্র ডেস্ক :: রাজশাহী বিভাগে হাম রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। গত কয়েক মাসে এ অঞ্চলে হামে আক্রান্ত হয়ে অন্তত ৪৭ শিশুর মৃত্যু হয়েছে; যার মধ্যে কেবল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ২৯ জন।
বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
হামের ভয়াবহ প্রাদুর্ভাবের মুখে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড চালুর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান বলেন, “আক্রান্তদের পৃথক ওয়ার্ডে চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে সব হাসপাতালে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। সরকারের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।”
হঠাৎ হামের প্রাদুর্ভাবের কারণ জানতে চাইলে তিনি বলেন, “সাধারণত চার বছর পরপর হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আয়োজন করা হয়। সবশেষ ২০২১ সালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।
“সে অনুযায়ী ২০২৫ সালে নতুন ক্যাম্প হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। ফলে অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে।”
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত হাম-রুবেলা ক্যাম্পেইন আয়োজন এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি,