শত শত শিক্ষক প্রিজাইডিং অফিসারের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছে

লেখক: সুমন মাহমুদ,
প্রকাশ: ৩ মাস আগে

দিনপত্র ডেস্ক :: আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোতে সহিংসতা, মারামারি ও জ্বালাও পোড়াওয়ের আশঙ্কা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
এমন ঝুঁকিপূর্ণ বাস্তবতায় অসংখ্য শিক্ষক প্রিজাইডিং অফিসারের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করছেন। অনেকেই অসুস্থতা কিংবা ব্যক্তিগত নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দায়িত্ব এড়িয়ে চলছেন। শিক্ষকদের একটি বড় অংশ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা মানে নিজের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া।
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আওয়ামী লীগবিহীন নির্বাচন জনগণ গ্রহণ করছে না। পাতানো বা সিলেকশনের নির্বাচনও মানুষ মানছে না। ফলে ভোটকেন্দ্রে অবরোধ ও সংঘর্ষের আশঙ্কা থেকেই যাচ্ছে।”
নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থাহীনতা, অংশগ্রহণমূলক রাজনীতির অভাব এবং নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। এই অবস্থায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।