পাক-জঙ্গি সংগঠন ‘টিটিপি’র সাথে সম্পৃক্ততার অভিযোগ: বিমানবন্দর থেকে যাত্রী আটক,

লেখক: আমিনুল হক,
প্রকাশ: ৫ ঘন্টা আগে

দিনপত্র ডেস্ক :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানভিত্তিক সশস্ত্র জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর সাথে সম্পৃক্ততার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে চীন যাওয়ার পথে ইমিগ্রেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
​আটককৃত ব্যক্তির নাম মোঃ আবু বক্কর (পাসপোর্ট নং- A07156620)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আশরাফাবাদের ২৮০/বি রূপনগর এলাকার তাজুল ইসলামের পুত্র।
​ঘটনার বিবরণ
​বিমানবন্দর সূত্র জানায়, আজ দুপুর ১৪:২৭ ঘটিকায় আবু বক্কর চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (MU-2036) গুয়াঞ্জু যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। তবে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই (সিটিইউবি)-এর নিকট আগে থেকেই তার জঙ্গি সম্পৃক্ততার তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশনের আইএনএস (INS) এলাকা থেকে তাকে আটক করা হয়।
​আইনি প্রক্রিয়া ও হস্তান্তর
​আটকের পর ইমিগ্রেশন নথিতে ‘সেলফ অফলোড’ প্রদর্শন করে এবং জিডি নং-২১৫০ মূলে তার বহির্গমন সীল বাতিল করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেল ১৬:০০ ঘটিকায় ডিজিএফআই-এর মেজর ফেরদৌস আহমেদ অভিযুক্ত আবু বক্করকে বিমানবন্দর এলাকা থেকে বের করে র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমানের নিকট হস্তান্তর করেন।
​র‍্যাব সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তির সাথে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ এবং তার বিদেশ ভ্রমণের উদ্দেশ্য খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিনি র‍্যাব হেফাজতে রয়েছেন।